মুঘল ই আজম বানাতে কেন লেগেছিলো ১৬ বছর

0
62

মুঘল-এ-আজম সিনেমায় পরিহিত সমস্ত পোশাক দিল্লিতে সেলাই করা হয়েছিল এবং এই পোশাকগুলিতে নকশা খোদাই করা হয়েছিল সুরাটে। হায়দ্রাবাদে গহনা তৈরি করা হয়েছিল এবং মুকুট তৈরি হয়েছিল কোলহাপুরে। একই সময়ে রাজস্থান থেকে অস্ত্র আমদানি করা হয়েছিল। কোটি টাকা খরচ করা এই ছবিতে ২০০০ উট ও ৪০০০ ঘোড়া ব্যবহার করা হয়েছিল।

শীশ মহল সেটে মধুবালার সাথে শ্যুট করা ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া…’ গানটি লিখেছেন শাকিল বন্দউনি। সঙ্গীত পরিচালক নওশাদের অনুমোদন পাওয়ার আগে এটি ১০৫ বার লেখা হয়েছিল। এই গানটি সেই সময়ে ১০ লক্ষ টাকায় শ্যুট করা হয়েছিল, যা একটি সম্পূর্ণ চলচ্চিত্র তৈরির জন্য যথেষ্ট ছিল।

কে. আসিফ পরিচালিত বলিউডের আইকনিক চলচ্চিত্র মুঘল-এ-আজম ১৯৬০ সালে মুক্তি পায়। বড় পর্দায় প্রেম, আনুগত্য, পরিবার এবং যুদ্ধকে দুর্দান্তভাবে চিত্রিত করা এই চলচ্চিত্রটি তৈরির পিছনের গল্পও এই ছবির মতোই বিশেষ! আপনি কি জানেন যে, এই সিনেমাটি তৈরি করতে প্রায় ১৬ বছর সময় লেগেছিল!! চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৯৪৪ সালে এবং ১৯৬০ সালে ছবিটি মুক্তি পায়। মনে প্রশ্ন আসে কেন? এত বছর সময় লাগলো কেন?

কারণ ১৯৪৭ সালে ভারত ভাগ হয়। এরপর দেশের পরিস্থিতির অনেক পরিবর্তন হয় এবং এর প্রভাব পড়ে কে. আসিফের চলচ্চিত্রে উপরও। এরই মধ্যে এই ছবির কাস্টও বদল হয় বেশ কয়েকবার। প্রথম কাস্টে আকবরের চরিত্রে চন্দ্রমোহন, সেলিম চরিত্রে ডি কে সাপ্রু এবং আনারকলির ভূমিকায় নার্গিস অভিনয় করেছিলেন। ১৯৪৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে চন্দ্রমোহন মারা যান। এরপর প্রায় বন্ধ হয়ে যাওয়া ছবিটি আবার নতুন কাস্ট নিয়ে শুরু হয়। যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার, মধুবালা। ছবিটির বিলম্বের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

দ্বিতীয় কারণ ছিল, এই ছবির জাঁকজমক সেট। এটি সেই সময়ে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ছিল, এবং এর দুর্দান্ত সেটগুলির জন্য শুটিংয়ের সময় বিশ্বের আলোচনায় পরিণত হয়েছিল। মুঘল-এ-আজম-এর শুটিং চলাকালীন, শীশ মহলের সেট তৈরি করতে প্রায় দুই বছর লেগেছিল। আসিফ জয়পুরের আমের ফোর্টের শীশ মহল থেকে এর অনুপ্রেরণা পেয়েছিলেন।

ভারতে যে রঙিন কাঁচ পাওয়া যায় তা তেমন ভালো ছিল না, তাই আসিফ এই সেটের জন্য বেলজিয়াম থেকে কাচের অর্ডার দিয়েছিলেন। খাতিজা আকবর তাঁর জীবনী ‘দ্য স্টোরি অফ মধুবালা’-তে লিখেছেন, “শীশ মহলের সেট তৈরির সময় ঈদ এলো।”

মুঘল-এ-আজমের শুটিংয়ের জাঁকজমক এমন ছিল যে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এর শুটিং দেখতে আসেন। এতে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই, বিখ্যাত উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজ এবং জুলফিকার আলী ভুট্টোও ছিলেন, যিনি পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here