চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর একমাসের মতো বাকি। এমন সময়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ নিক পোথাস। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা এই খবর জানিয়েছেন।
দেশের একটি ইংরেজি দৈনিককে ক্রিকেট অপারেশন্সের ভারপ্রাপ্ত প্রধান শাহরিয়ার নাফিস বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেছিলেন। ২০ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়েছে।’
২০২৩ সালের ৬ এপ্রিল দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটারকে দুই বছরের জন্য বাংলাদেশের সহকারী কোচ বানানো হয়। পরে তার চুক্তি আরও এক বছর বাড়িয়ে ২০২৬ সালের মার্চ পর্যন্ত করা হয়।
শেষ কয়েক মাসে পোথাসকে পুরানো দায়িত্ব ছেড়ে জাতীয় দলের ফিল্ডিং কোচ করা হয়। এক ইনস্টাগ্রাম পোস্টে বিদায়ের ঘোষণা দিয়েছেন ৫১ বছর বয়সী, ‘সব ভালো কিছুর মতো এটারও শেষ হতেই হবে। বিসিবি টাইগারদের সঙ্গে থাকাকালে দারুণ কিছু মানুষের সঙ্গে চমৎকার সময় কেটেছে। এই পথ চলতে গিয়ে আমরা অনেক রেকর্ড ভেঙেছি এবং ইতিহাস গড়েছি। দারুণ সব স্মৃতি। এখন বাড়িতে কিছু ভালো সময় কাটানো প্রয়োজন, দেখা যাব পরের অধ্যায়ে কী হয়। সামনের দিনগুলোও যেন রোমাঞ্চকর কাটে বাংলাদেশের ক্রিকেটের, সেটাই কামনা। আপনাদের খুব মনে পড়বে।’
এক দশকেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে পোথাস ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার প্রধান কোচ ছিলেন। দেশ দুটির সহকারী কোচ ও ফিল্ডিং কোচও ছিলেন তিনি। বাংলাদেশে যোগ দেওয়ার আগে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচের দায়িত্ব পালন করেন। খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি আন্তর্জাতিক ওয়ানডে খেলা পোথাস ছয় হাজারের বেশি প্রথম শ্রেণি ও লিস্ট এ রান করেছেন।





