বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল মধুমিতা

0
60

সিনেমা হলকে কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করেছিলেন। আশা ছিল পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে চলচ্চিত্রের বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরীচিকায় রূপ নিয়েছে। দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা তাইতো বন্ধ হয়ে আছে। আসছে রোজার ঈদে উৎসবের সিনেমা চালিয়ে চিরতরেই বন্ধ হয়ে যাবে হলটি। এমন তথ্যই দিয়েছেন মধুমিতার কর্ণধার ইফতেখার নওশাদ। তিনি চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও একজন সফল প্রযোজকও।

মধুমিতা হল মালিক নওশাদ বলেন, ‌‘খুব কষ্ট নিয়ে কথাগুলো বলছি। কোটি টাকা দিয়ে হলের মানউন্নয়ন করিয়ে সিনেমা না চালিয়ে মধুমিতা বন্ধ করে রেখেছি। সিনেমা নাই কি করবো হল চালু রেখে। যে সিনেমা মুক্তি পাচ্ছে সেইগুলো তো সিনেপ্লেক্সের সিনেমা। আমাদের হলে চালানোর মতো না। বছরে এত লস গুনে গুনে তো টিকে থাকা যায় না। তাই আসছে রোজার ঈদের সিনেমা চালানোর পর চিরতরেই মধুমিতা বন্ধ করে দেবো।’

নওশাদ আরও বলেন মধুমিতা হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা ভাবছি। আলাপ চলছে ডেভেলপার কোম্পানির সঙ্গে। তিনি বলেন, ‘অনেক চেষ্টাই আমি করেছি যেন হলটি চালু রাখা যায়। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান হলেও এই শহরের সিনেমাপ্রেমীদের জন্য একটা ইমোশন, নস্টালজিয়া। কিন্তু আমি পারছি না। বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। পরিবার থেকেও চাপ ছিল বন্ধ করে যেন ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিই।’

আসছে রোজার ঈদে মুক্তি পাবে সুপার স্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। নওশাদ জানান, এই সিনেমাটি ঈদে প্রদর্শিত করতে চান। তেমনটা হলে শাকিবের ‘বরবাদ’ হবে মধুমিতায় প্রদর্শিত শেষ সিনেমা।

মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলীর দিকে যেতে হাতের বাঁ পাশে মধুমিতা সিনেমা হল। ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ এটি। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here