নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ আ-আম জনতা পার্টি। সকালে বনানীর হোটেল শেরাটনে বলরুম ভর্তি সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমিন।
বাংলাদেশেরর জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়েই আত্মপ্রকাশ করলো বাংলাদেশ আ-আম জনতা পার্টির। পার্টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন ফাতিমা তাসনিম। ফাতিমা এর আগে গণ অধিকার পরিষদের সাথেও জড়িত ছিলেন।
সম্মেলনের দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়াই করেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি।
দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস-আদালতের ডিজিটালাইজেশন, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করাসহ বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানান বাংলাদেশ আ-আম জনতা পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন।
দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ২৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিকেরা উপস্থিত ছিলেন।





