বাংলাদেশে জিম্মি দশা মুক্ত হয়ে ফিরে গেছেন ৩ শ্রীলঙ্কান

0
44

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা দেখতে এসে অপহরণের শিকার হওয়া ৩ শ্রীলঙ্কান নাগরিক দেশে ফিরে গেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তারা নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। অপহরণের শিকার শ্রীলঙ্কান নাগরিকরা হলেন- মালাভি পাথিরানা, তার স্ত্রী পাথিরানা ও থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল।

পুলিশ জানায়, ব্যবসার সম্ভাবনা দেখতে গত ২২ এপ্রিল বাংলাদেশে এসে অপহরণের শিকার হন তিন শ্রীলঙ্কান নাগরিক। পরে বুধবার (২৩ এপ্রিল) অভিযানে চালিয়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক মো. রেজাউল হক জানান, বাগেরহাটের মোল্লাহাট এলাকার শহিদুল শেখ নামে এক ব্যক্তির আমন্ত্রণে গত ২২ এপ্রিল তারা বাংলাদেশে এসেছিলেন। সেদিন রাতেই বাগেরহাটে নিয়ে যাওয়া হয় তাদের। বাগেরহাটে এনে তাদের কাছে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারা এতো টাকা দিতে পারবে না বলে অস্বীকৃতি জানায় ভুক্তভোগীরা। এরপর অপহরণকারীরা শ্রীলঙ্কায় তাদের (জিম্মিদের) পরিবারের কাছে ফোন করে থেকে মুক্তিপণ দাবি করেন। বাংলাদেশের একটি নম্বর থেকে এ মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবার শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়।

এ ঘটনায় চার জনকে আটক করে পুলিশ। তারা হলেন- কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ ও জনি শেখ এবং এস এম সামসুল আলম। পরে আটকদের মধ্যে তিনজন জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় একটি জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, পাথিরানাদের সঙ্গে এমদাদ ও শহীদুলের পরিচয় হয়েছিল সামাজিক মাধ্যমে। সেই পরিচয়ের সূত্র ধরেই তাদের ব্যবসার প্রলোভন দেখিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তারা।

সংবাদ সম্মেলনে মালাভি পাথিরানা বলেন, খুব অল্প কিছু খারাপ মানুষের জন্য বাংলাদেশের সব জনগণের বিরুদ্ধে কোনো নেতিবাচক ধারণা পোষণ করতে চাই না।

উদ্ধারের পর তিন শ্রীলঙ্কান নাগরিককে খুলনায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ জানায়। পরে শুক্রবার দুপুরে তারা নিজ দেশে রওনা হন।

সূত্র : বিবিসি বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here