ঈদের মাত্র দুই সপ্তাহ পার হলো। অর্ধ ডজন ছবিতে শুরু হয়েছিল ঈদ সিনেমার বাজার। এরই মধ্যে তেজ কমে এসেছে ঈদের ছবিগুলোর। একাধিক ছবি নেমে গেছে হল থেকে।
‘তাণ্ডব’ ও ‘উৎসব’ বাদে বাকিগুলোর অবস্থাও নাজুক। তৃতীয় সপ্তাহে এসেও সর্বাধিক হল নিয়ে দাপট বজায় রাখছেন শাকিব খান। অন্যদিকে দর্শক প্রশংসায় শো বাড়ার পাশাপাশি বিদেশের মাটিতেও উৎসবের জয়জয়কার।
চমকপ্রদভাবে ঈদের ছবি হিসেবে এগিয়ে গেছে তানিম নূরের ‘উৎসব’।
ঈদের সবচেয়ে প্রশংসিত ছবি এটি। শোবিজের তারকা থেকে সাধারণ দর্শক, সবাই ছবিটির প্রশংসা করছেন। এর ফলে ‘উৎসব’-এর শো বেড়েছে হুহু করে। গত সপ্তাহে সিনেপ্লেক্সে ছবিটির শো ছিল ১৩টি; এখন সপ্তাহে বেড়ে হয়েছে ২৪টি।
সব মিলিয়ে এখন উৎসব এর শো চলছে ৩১টি। ব্লকবাস্টার সিনেমাসে ৫টি এবং লায়নসে ২টি। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১ কোটি ৬৩ লাখেরও বেশি।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “দ্বিতীয় সপ্তাহ বেশ ভালো গেছে। তৃতীয় সপ্তাহের শুরুটাও ভালো।
দর্শক আসছেন, ছবি এনজয় করছেন। বিশেষ করে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ ভালো যাচ্ছে। বাকি ছবিগুলোর দর্শক হচ্ছে না তেমন। তবু কিছু শো রেখেছি। ‘উৎসব’-এর দর্শক প্রতিনিয়ত বাড়ছে। আমাদের প্রত্যাশা এ ধারা আরো কিছুদিন থাকবে। অন্তত চতুর্থ ও পঞ্চম সপ্তাহ পর্যন্ত ছবি দুটির চাহিদা ভালো থাকবে।”
এদিকে, দেশের বাজারে ঈদের ছবির আঁচ কমে এলেও বিদেশে খুলছে দুয়ার। যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রেক্ষাগৃহে এ সপ্তাহেও চলছে ‘তাণ্ডব’। অন্যদিকে ‘উৎসব’-এর আমেজ আরো বেশি। গতকাল যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৩৭টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। যা দেশের চেয়েও ঢের বেশি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রবাসী দর্শকও ছবিটি সাদরে গ্রহণ করবে।
ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সাদিয়া আয়মান, সৌম্য, বিশেষ চরিত্রে আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ প্রমুখ।





