পর্দায় ফিরে প্রথম দিনে কত আয় করল ‘সিতারে জমিন পার’

0
44

লাল সিং চাড্ডার পর দীর্ঘ বিরতি। অবশেষে পর্দায় ফিরেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। হাজির হলেন ‘সিতারে জমিন পর’ নিয়ে।

বহু প্রতীক্ষিত এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে বক্স অফিসে ছবিটির যাত্রা একেবারে ঝড়ের গতিতে না শুরু হলেও, প্রথম দিনে মোটামুটি ভালো সংগ্রহ করেই যাত্রা শুরু করল আমিরের নতুন এই স্পোর্টস ড্রামা।

স্যাকনিল্ক-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, সিতারে জমিন পর মুক্তির প্রথম দিনে আয় করেছে ১১.০৫ কোটি টাকা। হিন্দি ভাষার ছবিটির হল দখলের হার ছিল প্রায় ১৭.৭৩ শতাংশ।

সকালের শোতে ছিল ১৬.৭৪ শতাংশ দর্শক উপস্থিতি, দুপুর ও বিকেলে তা একই থাকলেও, সন্ধ্যার দিকে বেড়ে দাঁড়ায় ২০.২১ শতাংশে।

তবে এ আয় নিয়েও অতীতের রেকর্ড ভাঙতে পারেনি সিতারে জমিন পর। আমিরের আগের ছবি লাল সিং চাড্ডা ২০২২ সালে মুক্তির দিনে আয় করেছিল ১১.৭ কোটি টাকা। ফলে প্রথম দিনের হিসেবে সেই রেকর্ড এখনও অক্ষত রইল।

এমনকি সালমান খান অভিনীত সাম্প্রতিক ছবি সিকান্দার মুক্তির দিনে আয় করেছিল ২৬ কোটি টাকা—যার তুলনায় অনেকটাই পিছিয়ে সিতারে জমিন পর।

সিতারে জমিন পর পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। ছবির গল্প এগিয়েছে বিশেষ ক্ষমতাসম্পন্ন ১০ তরুণ-তরুণীর জীবন ঘিরে, যারা বাস্কেটবলের প্রশিক্ষণ পায় আমির খানের চরিত্র অমিতাভের কাছ থেকে।

এই চরিত্রগুলিতে অভিনয় করেছেন—আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।

ছবিটি ২০১৮ সালের স্প্যানিশ ব্লকবাস্টার Campeones-এর হিন্দি রিমেক। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেনেলিয়া ডিসুজা।

এদিকে, আমিরের ছবির মুক্তিতে বেশ চাপে পড়েছে হাউসফুল ৫। মুক্তির ১৫তম দিনে এসে ছবিটির আয় নেমে এসেছে মাত্র ১.৮৫ কোটি টাকায়। এখনও পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৬৯.৯৫ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here