আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় এ আদেশ প্রদান করা হয়।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টের ১০১ মিলিয়ন ডলার চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ৮৬ বার সময় নিল সিআইডি।
চুরি হওয়া ওই অর্থের মধ্যে কমপক্ষে ৮১ মিলিয়ন ডলার ম্যানিলা-ভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়েছিল, সেখান থেকে তা পাঠানো হয় ফিলিপাইনের ক্যাসিনোতে। এ বিষয়ে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা। এ পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার ও শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো ২০ মিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে।
২০২২ সালের ১ ফেব্রুয়ারি ৬৬ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একটি আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক।
পরবর্তীতে ২০২৩ সালের ২ মার্চ বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলারের সাইবার হ্যাকিং মামলাটি চলমান রাখার অনুমতি দেয় নিউইয়র্ক সুপ্রিম কোর্ট, কিন্তু খারিজ করে দেয় আরসিবিসির বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ।




