নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে এক মহারণে মুখোমুখি হতে যাচ্ছে প্যারিস সেন্ট-জার্মেই ও চেলসি। মাঠে বিশ্বের সেরা খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্টসহ এমন হাই প্রোফাইল ব্যক্তিদের উপস্থিতি ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন।
নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন দপ্তর উদ্বোধনের পরপরই ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি এই ফাইনালে উপস্থিত থাকবেন।
জানা গেছে, তিনি পুরস্কার প্রদান পর্বেও অংশ নেবেন।
২০২৬ বিশ্বকাপের এক বছর আগে এমন একটি ম্যাচে ট্রাম্পের অংশগ্রহণ বিশ্ব ফুটবলে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর অংশ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
৮২,৫০০ দর্শক ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে আগামী বছর বিশ্বকাপ ফাইনালও আয়োজিত হবে।
ট্রাম্পের আগমন উপলক্ষে স্টেডিয়ামের প্রতিটি কোণ ঘিরে রাখা হয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস, ফিফার নিজস্ব সিকিউরিটি, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যক্তিগত নিরাপত্তা সংস্থার সমন্বিত বলয়।
সাবেক মার্কিন কূটনৈতিক নিরাপত্তা সহকারী সচিব মাইকেল ইভানফ বলেন, ‘প্রেসিডেন্টের নিরাপত্তা মানেই প্রতিটি সম্ভাব্য ঝুঁকির প্রস্তুতি।’
২০২৪ সালের জুলাই মাসেই পেনসিলভানিয়ায় এক জনসভায় ট্রাম্প গুলিবিদ্ধ হন। এরপর থেকেই তার নিরাপত্তায় আরো বেশি আঁটসাঁট মার্কিন প্রশাসন। মেটলাইফে ট্রাম্পের আসনের নির্ধারিত স্থানের আশপাশের ভিআইপি বক্সগুলোও আলাদা করে সুরক্ষিত রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, তিনি বসবেন ইনফান্তিনো, চেলসি-পিএসজির কর্মকর্তাবৃন্দ ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে।
সিক্রেট সার্ভিস ইতিমধ্যে স্টেডিয়ামের প্রবেশদ্বার, ট্রাম্পের গাড়িবহরের যাত্রাপথ, সম্ভাব্য নিরাপদ ঘর এবং জরুরি নির্গমনপথ চিহ্নিত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা স্টিভেন রাইস বলেন, ‘বড় জনসমাগম মানেই সীমিত পালানোর পথ, বেশি ঝুঁকি। এক্ষেত্রে বহুমাত্রিক পরিকল্পনা, বিকল্প প্রবেশ-প্রস্থান পথ, নিরাপদ কক্ষ এবং তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার কৌশল থাকতে হবে।’
প্রাইভেট সিকিউরিটি সংস্থা ভিআইএস প্রোটেকশনের সহ-প্রতিষ্ঠাতা জর্ডান ম্যাকগ্রাথ জানান, ‘আমরা ভেন্যুতে আগে গিয়ে সমস্ত প্রবেশদ্বার এবং নিরাপত্তা খতিয়ে দেখি।
সাধারণত মাসখানেক আগে থেকেই প্রস্তুতি চলে। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত আসলে দ্রুত মোতায়েন করতে হয়।’
সাধারণত স্টেডিয়ামে ব্যবহৃত হয় ধাতব শনাক্তকারী গেট, তবে এবার সিক্রেট সার্ভিস নিজস্ব যন্ত্রপাতি বসাতে পারে। এমনকি ট্রাম্পের জন্য বুলেটপ্রুফ কাঁচের নিরাপত্তা আবরণও বসানো হতে পারে বলে ধারণা।
বিশেষজ্ঞ নাইজেল থমাস বলেন, ‘তারা শুধু ভিআইপিকেই সুরক্ষা দেয় না, বরং পুরো জায়গাটা স্ক্যান করে— ড্রাগ, বিস্ফোরক এমনকি নিরাপত্তা দলের সদস্যদের ব্যাকগ্রাউন্ডও পরীক্ষা করে।’
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পরিকল্পনার পরও সবসময় ‘বিকল্প ব্যবস্থা’ প্রস্তুত রাখতে হয়। হঠাৎ গাড়ি খারাপ হলে? রাস্তা বন্ধ হলে? অথবা স্টেডিয়ামে বড় কোনো দুর্ঘটনা ঘটলে?
থমাস বলেন, ‘তখন শুধু ট্রাম্প নয়, পুরো ভিড়ের নিরাপত্তা এবং সঠিক পথে সরিয়ে নেওয়ার কার্যক্রম একসঙ্গে পরিচালনা করতে হয়।’
ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তিনি উপস্থিত থাকবেন— আর সেটিই বাড়িয়েছে হুমকি।
এই নিরাপত্তা বলয়ের মাঝেই রবিবারের এই ফাইনাল নির্ধারণ করবে আগামী চার বছরের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন ক্লাব।





