সাহস থাকলে মার্কিন পণ্যে ৭৫ শতাংশ শুল্ক দিয়ে দেখান: মোদিকে কেজরিওয়াল

0
44

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর জরুরি শুল্ক আরোপ করায় দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এই টানাপোড়েন দূর করতে ওয়াশিংটনে লবিং ফার্ম নিয়োগ দিয়েছে ভারত। সেই লবিং ফার্মের শীর্ষ ব্যক্তি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারত ওয়াশিংটনে গত মে মাসে যে লবিং ফার্ম নিয়োগ দিয়েছে, সেটির নাম এসএইচডব্লিউ পার্টনার্স। এই কাজের জন্য ভারত ফার্মটিকে ১৮ লাখ ডলার ফি দিয়েছে। এই চুক্তির মেয়াদ এক বছর। ভারতের লবিস্ট জেসন মিলার সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। লবিস্ট মিলার গত শনিবার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ওয়াশিংটনে অসাধারণ একটি সপ্তাহ কাটালাম। এখানে আমার অনেক বন্ধু আছেন এবং অবশ্যই প্রেসিডেন্টকে কর্মরত অবস্থায় দেখার সুযোগ পেয়েছি! মিলার এক্স পোস্টে একাধিক ছবিও শেয়ার করেছেন, যেখানে ট্রাম্পের সঙ্গে তাঁর একটি ছবিও আছে।

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস গত ২১ মে মিলারের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর করে, যাতে তিনি নয়াদিল্লির স্বার্থ সংরক্ষণ করেন। নয়াদিল্লি আশা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনীতি আরও শক্তিশালী করতে মিলারের সহায়তা কাজে লাগবে, বিশেষ করে ট্রাম্পের ভারতীয় পণ্যের শুল্ক দ্বিগুণ করার পর সম্পর্কের টানাপোড়েন বৃদ্ধি পাওয়ায়।

রয়টার্স জানায়, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি রুশ মিসাইল হামলায় ইউক্রেনের সরকারি সচিবালয় ধ্বংস হওয়ার পর ট্রাম্প ঘোষণা দিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আসছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে নতুন শুল্কের হুঁশিয়ারিও। ট্রাম্পের কথায় স্পষ্ট, রাশিয়ার সঙ্গে তেল ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর ওয়াশিংটন এবার আরও কঠোর পদক্ষেপ নেবে। সাংবাদিকদের প্রশ্নে তিনি সংক্ষিপ্তভাবে বলেছেন, ‘হ্যাঁ, করব।’ এর বেশি ব্যাখ্যা দেননি ট্রাম্প।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধীরা। এরই জেরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রোববার আম আদমি পার্টির নেতা মোদির দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকলে মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ কর চাপান। গুজরাটের রাজকোটে এক সংবাদ সম্মেলনে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

কেজরিওয়ালের দাবি, মার্কিন তুলার ওপর থেকে শুল্ক তুলে দেওয়ায় গুজরাটের তুলাচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সময় ট্রাম্পকে কাপুরুষ বলেও আখ্যায়িত করেন তিনি। বলেন, ট্রাম্প একজন ভীরু, কাপুরুষ মানুষ! তাঁর বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here