জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান

0
28

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করবে। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পরিবারদের কল্যাণে ও তাদের দেখভাল করার জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হবে। শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন তাদের কষ্টগুলো যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় পতাকা উপহার দিয়েছেন ছাত্রদলকর্মী মুত্তাকিন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা ওড়ান ছাত্রদল কর্মী মুত্তাকিন। সে সময় তোলা ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওইদিন কাজলা ফ্লাইওভারে ওড়ানো সেই জাতীয় পতাকাই পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মুত্তাকিন আনুষ্ঠানিকভাবে পতাকাটি হস্তান্তর করেন। এ সময় তাকে ধন্যবাদ জানান বিএনপির এই শীর্ষ নেতা। হস্তান্তর অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here