দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ

0
21

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা লাগল। প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে জোবার্গ সুপার কিংসের এসএ টোয়েন্টি ম্যাচে কাঁধের হাড় ভেঙে গেছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ডোনোভান ফেরেইরার। একজন ফিনিশার ও ব্যাকআপ উইকেটকিপার হিসেবে এই ব্যাটিং অলরাউন্ডারকে দলে নিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু ফেব্রুয়ারির টুর্নামেন্টের জন্য ফিট হতে সময়ের বিপরীতে লড়তে হবে তাকে।

শনিবার রাতে প্রিটোরিয়ার ইনিংসের শেষ বলের ঘটনা। কাভার বাউন্ডারিতে ফিল্ডিংয়ে ছিলেন ফেরেইরা। নিশ্চিত চার থামাতে গিয়ে নিজেকে যেন ছুড়ে দিলেন তিনি, মাটিতে পড়ে বাঁ কাঁধে পান চোট। অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। পরে ব্যাট করতে এলেও এক বল খেলে তীব্র যন্ত্রণা নিয়ে রিটায়ার্ড আউট হন। ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, তার খারাপ লাগছিল এবং স্ক্যান করাবেন। তারপরই ধরা পড়েছে কাঁধের হাড়ের ফাটল। কম করে হলেও এসএ টোয়েন্টিতে আর খেলা হচ্ছে না ফেরেইরার। একই সঙ্গে বিশ্বকাপেও তাকে নিয়ে অনিশ্চয়তা থাকছে। দলে এখন একমাত্র স্বীকৃত ফিনিশার ডেভিড মিলার।

ফেরেইরা শুধু একজন সাদামাটা খেলোয়াড় হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন, তা নয়। ২০২৪ সাল থেকে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটার তিনি। ১৭৭ এর বেশি স্ট্রাইক রেটে ১৭১৬ রান তার। ছয় কিংবা সাতে তাকে এক্স ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছে দক্ষিণ আফ্রিকা, যিনি ম্যাচ শেষ করে দিয়ে আসতে পারেন, প্রয়োজনে কিপিং করতে পারেন এবং খণ্ডকালীন স্পিনও। এই ধরনের ত্রিমাত্রিক ক্রিকেটার যেখানে বিরল, তখন তাকে হারানো প্রোটিয়াদের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here