ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। শনিবার নির্বাচন কমিশনের (ইসি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে। ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
তিনি জানান, এর মধ্যে ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। এ ছাড়া ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। অপরদিকে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, একই সময় পর্যন্ত ডাক বিভাগের মাধ্যমে দেশে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী (আইসিপিভি) ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ হাজার ৯০২ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। আর ২ হাজার ৩৯৪ জন ভোটার পোস্ট অফিস/ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ করা হবে।



