সমালোচকদের নেতিবাচক রিভিউ আর ফ্লপ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে মার্কিন বক্স অফিসে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ওপর নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহেই ছবিটি ৮ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে বলা হচ্ছে।
মুক্তির আগে বিদ্রুপ আর ব্যর্থতার তকমা জুটলেও বক্স অফিসে ভিন্ন এক গল্পের সূচনা করেছে ‘মেলানিয়া’। অনেকের ধারণা ছিল তথ্যচিত্রটি দর্শক খরায় মুখ থুবড়ে পড়বে, কিন্তু সব পূর্বাভাস ভুল প্রমাণ করে প্রেক্ষাগৃহে রীতিমতো উল্টো স্রোত দেখা যাচ্ছে।
শুক্রবার ওয়াশিংটন ডিসিতে ‘মেলানিয়া’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রদর্শকদের ভাষ্য অনুযায়ী, প্রিমিয়ারের পর টিকিট বিক্রি বাড়তে শুরু করে। বর্তমান প্রবণতা ধরে রাখলে সপ্তাহান্তে বক্স অফিস তালিকায় তৃতীয় স্থানে থাকতে পারে ছবিটি। এতে পিছিয়ে পড়তে পারে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন ছবি ‘শেল্টার’।
তথ্যচিত্রটি পরিচালনা করেছেন বিতর্কিত নির্মাতা ব্রেট র্যাটনার। ছবিটির বৈশ্বিক স্বত্ব কিনতে অ্যামাজন এমজিএম স্টুডিওস ব্যয় করেছে প্রায় ৪০ মিলিয়ন ডলার, যা একে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তথ্যচিত্রে পরিণত করেছে। এ ছাড়া বিপণন ও প্রচারণায় আরও প্রায় ৩৫ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে, যার বড় অংশই যুক্তরাষ্ট্রে।
বিশ্লেষকদের মতে, তথ্যচিত্রটির পেছনে রাজনৈতিক সমর্থনও ভূমিকা রাখছে। ডোনাল্ড ট্রাম্প নিজে সমর্থকদের সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রক্ষণশীল ঘরানার দর্শকদের মধ্যে ছবিটি আগ্রহ তৈরি করেছে। যদিও সমালোচকদের কাছ থেকে তথ্যচিত্রটি তীব্র নেতিবাচক রিভিউ পাচ্ছে, তবু দর্শক উপস্থিতির দিক থেকে তা আপাতত বড় প্রভাব ফেলছে না।





