নাচের জন্য ভক্তদের মঞ্চে ডেকে বিপাকে শাহিদ কাপুর

0
12

ব্যাপারটা যেন খাল কেটে কুমির আনার মতোই! নাচের জন্য ভক্তদের মঞ্চে ডেকে যেন রীতিমতো নিজেরই বিপদ ডেকে আনলেন বলিউডের শাহিদ কাপুর। এই নায়কের নতুন সিনেমা ‘ও রোমিও’র একটি গান প্রকাশের ইভেন্টে ঘটে এমনটা।

ভারতের মুম্বাইয়ে আয়োজন করা হয় সিনেমাটির ‘পান কি দুকান’ গান লঞ্চিং এর অনুষ্ঠান। এমন সময়ে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। ভারতীয় গণমাধ্যমের খবর, অনুষ্ঠানে ভক্তদের মাত্রাতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে মঞ্চ ছাড়তে বাধ্য হন অভিনেতা শাহিদ কাপুর। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সেখান থেকে সরে যান নায়ক। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুনরায় মঞ্চে ফিরে অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি।

সেখানে শাহিদ কাপুরের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। মূলত, অনুষ্ঠানের একপর্যায়ে শাহিদ কাপুর মজা করে কয়েকজন ভক্তকে মঞ্চে এসে নাচার আমন্ত্রণ জানান। কিন্তু এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একসঙ্গে বিপুল সংখ্যক ভক্ত মঞ্চের দিকে ছুটে আসেন এবং অভিনেতাকে ঘিরে ধরেন। নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে হিমশিম খেলে দ্রুত শাহিদকে সরিয়ে নেওয়া হয়।

ভক্তদের এই বিশৃঙ্খলার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত ভক্তদের সামলাতে নিরাপত্তাকর্মীরা রীতিমতো লড়াই করছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শাহিদ কাপুর আবার মঞ্চে ফেরেন।

এ সময় তিনি ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। এরপর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাকি অনুষ্ঠান শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here