এবার ঈদের সিনেমার বিদেশে মুক্তি শুরু

0
31

ঈদ মানেই দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উৎসব। সেই আনন্দ এবার ছড়িয়ে পড়েছে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও। এবারের ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা দেশীয় দর্শকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নির্মাতারা এখন শুধু দেশের বাজারেই সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক দর্শকের কাছেও পৌঁছাতে চাইছেন। তারই প্রতিফলন দেখা যাচ্ছে এই সিনেমাগুলোর বিদেশে মুক্তির মাধ্যমে।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তির পর থেকেই দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। মাত্র চার দিনেই এক কোটির বেশি টাকার টিকিট বিক্রি করে এটি বাণিজ্যিক সফলতার ইঙ্গিত দেয়। সেই ধারাবাহিকতায় সিনেমাটি এখন অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের ১৯টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। প্রবাসী দর্শকদের মধ্যেও ছবিটি ইতোমধ্যে আগ্রহ তৈরি করেছে। হুমায়ূন আহমেদ-এর উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমার গল্প একটি ট্রেনযাত্রাকে ঘিরে, যেখানে উঠে এসেছে মানুষের জীবনের নানা অনুভূতি ও বাস্তবতা। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূরসহ আরও অনেকে।

আগামী মাসে যুক্তরাজ্যেও মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির। অন্যদিকে, বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটিও আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা ১০ এপ্রিল থেকে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে মুক্তি পাচ্ছে। দমের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এক সপ্তাহ যুক্তরাষ্ট্রে প্রদর্শনের পর ১৭ এপ্রিল থেকে কানাডাতেও মুক্তি পাবে ছবিটি। নির্মাতার মতে, এটি শুধু একটি ব্যক্তিগত সংগ্রামের গল্প নয়, বরং একটি জাতির অদম্য মানসিক শক্তির প্রতিফলন। এদিকে, তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়-এর ‘রাক্ষস’ বর্তমানে দেশের মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে এবং শিগগিরই সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে। এরপর যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় মুক্তির পরিকল্পনা রয়েছে। একইভাবে ‘প্রেশার কুকার’ সিনেমাটি আগামী সপ্তাহে কানাডা ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরতে ‘প্রেশার কুকার’ নামের সিনেমা বানিয়েছেন পরিচালক নির্মাতা রায়হান রাফী।

এতে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। ‘প্রেশার কুকার’ সিনেমার কাহিনি নির্মিত হয়েছে চার নারীকে কেন্দ্র করে। ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হয়েছে সিনেমায়। সিনেমাটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। এই সিনেমা দিয়ে প্রায় দুই যুগ পরে ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। ২০০৪ সালে তারা ঈদে প্রেক্ষাগৃহে এনেছিল চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।

ঈদের আরেকটি সিনেমা ‘প্রিন্স’ নিয়েও আন্তর্জাতিক মুক্তির আভাস মিলেছে। এই সিনেমাটিও প্রবাসী দর্শকদের কাছে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। পরিচালক আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা এটি। তিনি এই সিনেমার গল্পে সাম্রাজ্য, প্রভাব ও অ্যাকশনের দৃশ্য তুলে ধরেছেন। টিজারেও গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিবকে। যিনি অ্যাকশনের মেজাজে মেশিন গান হাতে গুলিতে ধরাশায়ী করে ফেলছেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও আছেন আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, এবারের ঈদের পাঁচটি সিনেমা শুধু দেশের প্রেক্ষাগৃহেই সীমাবদ্ধ থাকছে না, বরং আন্তর্জাতিক বাজারেও নিজেদের জায়গা করে নিতে এগিয়ে যাচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ইতিবাচক দিক। এমনটিই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here