শিক্ষাখাতে বাজেট আরও বাড়ানো হবে : শিক্ষামন্ত্রী

0
5

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতে আগামী দিনে বাজেট আরও বৃদ্ধি পাবে। তবে সেই অর্থ যথাযথ খাতে ব্যয় নিশ্চিত করতে সঠিক অগ্রাধিকার নির্ধারণ জরুরি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ ওসমান বিন হাদী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হলে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ব্যয়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তিনি কারিগরি শিক্ষাকে উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে এ খাতে আরও গুরুত্বারোপের আহ্বান জানান।

সেমিনারে শিক্ষামন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যা, শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে পড়ার কারণ, তাদের অগ্রগতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপায় সম্পর্কে জানতে চান। জবাবে শিক্ষার্থীরা অনিয়মিত ক্লাস, পরীক্ষা গ্রহণে বিলম্ব এবং কারিকুলামের সঙ্গে সিলেবাসের অসামঞ্জস্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি পাবে। তবে এই বাজেট কার্যকরভাবে ব্যবহার করতে হলে কোন খাতে ব্যয় করা প্রয়োজন, তা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এহছানুল হক মিলন বলেন, বিশেষ করে কারিগরি শিক্ষার ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই এ খাতকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই কারিগরি শিক্ষাকে অবহেলা করা যাবে না। বরং এ শিক্ষার মাধ্যমেই আমাদের উন্নয়নের নতুন বিপ্লব ঘটাতে হবে। শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জাতি গঠনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মন্ত্রী আসেন ও যান, কিন্তু সবারই প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়। তার মতে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া (এনডিসি), কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here