পাকিস্তান ও ওমান সফরের পর এবার রাশিয়ায় গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ায় নেমেই যুক্তরাষ্ট্রকে এক হাত নিয়েছেন তিনি। স্থানীয় সাংবাদিকদের আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। খবর বিবিসির।
আরাগচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
রাশিয়ায় সাংবাদিকদের তিনি আরও বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে। বর্তমানে ইরানের হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টিরও উল্লেখ করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
ইরান ও ওমানের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে বলে ইঙ্গিত দেন আরাগচি। এই প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানান তিনি।





