অস্কার ট্রফি নিয়ে নাজেহাল কাণ্ড, ক্ষুব্ধ নির্মাতা

0
5

গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানি যাওয়ার সময় নিজের অস্কার ট্রফিটি নিয়ে বিপাকে পড়েন নির্মাতা প্যাভেল তালানকিন। মূলত চেক ইনের সময় নির্মাতার কাছ থেকে হারিয়ে যায় ট্রফিটি! পরে অবশ্য সেটি খুঁজে পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু এর আগে সেখানে ঘটে যায় এক নাজেহাল কাণ্ড!

সেদিন মূলত তল্লাশির সময় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা নির্মাতাকে বিমানে উঠতে বাধা দেন। তারা দাবি করেন, ৩.৮ কেজি ওজনের এই ট্রফিটি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই নিয়ম অনুযায়ী, তার সেই মর্যাদাপূর্ণ অস্কারের ট্রফিটি চেক-ইন ব্যাগেজে দিতে বাধ্য হন নির্মাতা। কিন্তু ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেখান থেকে হারিয়ে যায় অস্কারের ট্রফিটি।

ট্রফি না নিয়েই জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবতরণও করেন প্যাভেল। বিষয়টি নিয়ে তখন সংবাদ মাধ্যমে কড়া প্রতিক্রিয়া দেন নির্মাতা। বলেন, একটি অস্কারকে তারা কীভাবে অস্ত্র হিসেবে বিবেচনা করতে পারে, তা সম্পূর্ণ বোধগম্য নয়… আমি এটি সাথে নিয়ে কেবিনেই ভ্রমণ করেছি এবং আগে কখনোই কোনো সমস্যা হয়নি।

পরে অবশ্য হারিয়ে যাওয়া সেই অস্কারের ট্রফিটি খুঁজেও পাওয়া গেছে। সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে, ট্রফিটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং দ্রুতই তা মালিকের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’ তথ্যচিত্রের জন্য অস্কারটি পেয়েছিলেন প্যাভেল তালানকিন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর একটি রুশ স্কুলে যুদ্ধের প্রচারণা বা প্রোপাগান্ডা নিয়ে নির্মিত এই সিনেমা। বর্তমানে তিনি রাশিয়ার বাইরে ইউরোপে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। উগ্রবাদ ছড়ানোর অভিযোগে রাশিয়া এই তথ্যচিত্রটি তিনটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here