শুরু হচ্ছে ‘থ্রি ইডিয়টস টু’

0
1

বলিউড ইতিহাসের অন্যতম সফল এবং কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’। আমির খান, শারমন জোশি এবং আর মাধবনের সেই অনবদ্য রসায়ন আজও দর্শকদের হৃদয়ে সতেজ। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ভক্তদের জন্য এলো বড় সুখবর। বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল। তবে এবারের চমক আরও বড় তিন ইডিয়টের সঙ্গে যুক্ত হতে পারেন চতুর্থ আরও একজন ‘ইডিয়ট’।

আর সেই চরিত্রে বলিউডের শক্তিশালী অভিনেতা ভিকি কৌশলের নাম উঠে এসেছে জোরালোভাবে। পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘থ্রি ইডিয়টস ২’-এর গল্পে আগের সিনেমার প্রেক্ষাপট থেকে প্রায় ১০ বছরের একটি সময়ের ব্যবধান (টাইম লিপ) দেখানো হবে। গল্পের এই নতুন মোড়েই যুক্ত করা হচ্ছে ভিকি কৌশলকে।

ভিকি ইতোমধ্যেই আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কয়েক দফা আলোচনা সেরেছেন। মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে কাজ করতে এবং এই আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে ভিকি নিজেও মুখিয়ে আছেন। প্রাথমিকভাবে তিনি এই প্রজেক্টে মৌখিকভাবে সম্মতিও জানিয়েছেন।

এদিকে এক সাক্ষাৎকারে আমির খান সিক্যুয়েলের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ জোশি দারুণ এক চিত্রনাট্য তৈরি করেছেন। আমির বলেন, ‘গল্পটি অসাধারণ লেগেছে আমার কাছে। চিত্রনাট্যের কাজ এখনও কিছুটা বাকি থাকলেও এটি আগের সিনেমার মতোই শক্তিশালী, ব্যতিক্রমী এবং হাস্যরসে ভরপুর হবে।’

১০ বছর পরের প্রেক্ষাপটে আবারও ‘ফুংসুখ ওয়াংডু’ চরিত্রে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন আমির। ভিকি কৌশল বর্তমানে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে ব্যস্ত। এরপর ‘মহাবতার’ সিনেমার কাজ শেষ করেই তিনি থ্রি ইডিয়টসের সেটে যোগ দিতে পারেন। ভিকির জন্য এই ছবির শুটিং শিডিউল বেশ দীর্ঘ হবে বলেই ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here