দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘ফৌজি’র শুটিং সেটে নেমে এসেছে শোকের ছায়া। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে সিনেমাটির টিম। হায়দরাবাদের আউটস্কার্টে আব্দুল্লাপুরমেট এলাকায় ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় সিনেমার এক ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ জন। এই ঘটনার পর সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমাটির টেকনিক্যাল টিম একটি গাড়িতে করে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌটুপ্পাল থানার অন্তর্গত তোপ্রানপেট ব্রিজের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিমেন্টের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন আহত পাঁচজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রযোজনা সংস্থা ‘মিথ্রি মুভি মেকার্স’ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে তারা নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। দুর্ঘটনার পর সিনেমার পুরো ইউনিট এখন শোকাচ্ছন্ন।
পিরিয়ড ড্রামা ঘরানার এই সিনেমার শুটিং ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি অংশের শুটিংয়ে প্রভাসের বড় তিনটি অ্যাকশন সিক্যুয়েন্সের দৃশ্য ধারণ করার কথা ছিল। সম্প্রতি সিনেমাটির সেট থেকে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজনা সংস্থা থেকে কড়া আইনি সতর্কতাও জারি করা হয়েছিল।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের অক্টোবরে ‘ফৌজি’ প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। বড় বাজেটের এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিষেক হতে যাচ্ছে নবাগত অভিনেত্রী ইমানভির। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রবীণ তারকা মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।



