উত্তর আমেরিকায় বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপের আগে মরক্কো ছয়বার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এনিয়ে সপ্তম ও টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা। ৪৮ দলের এই প্রতিযোগিতায় ‘অ্যাটলাস লায়নস’ একটি লক্ষ্য নিয়েই মাঠে নামবে: এটি প্রমাণ করা যে, কাতারে অর্জিত ঐতিহাসিক চতুর্থ স্থানটি কোনো আকস্মিক সাফল্য ছিল না।
প্রধান কোচ: মোহামেদ ওয়াহবি
বিশ্বকাপের ১০০ দিনেরও কম সময় বাকি থাকতে মরক্কোর ডাগ-আউটে আসেন। ইতিহাস গড়া ওয়ালিদ রেগরাগুইয়ের পরিবর্তে মার্চ মাসে মোহামেদ ওয়াহবিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বেলজিয়ামে জন্মগ্রহণকারী ৪৯ বছর বয়সী এই কোচ গত বছর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৫ জিতে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম উজ্জ্বল করেন। চিলিতে অনুষ্ঠিত সেই আসরে তার অধীনে ‘অ্যাটলাস কাবস’ ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জেতে। তার দুই শিষ্য উসমান মাআম্মা এবং ইয়াসির জাবারি যথাক্রমে অ্যাডিডাস গোল্ডেন বল এবং সিলভার বল জিতেছিলেন। ওয়াহবি বিখ্যাত আরএসসি অ্যান্ডারলেখ্ট ট্রেনিং সেন্টারেও কোচিং করিয়েছেন, যেখানে তিনি ২০১৮ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
২০২২ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর রেগরাগুই মরক্কোর হটসিটে স্বপ্নের মতো শুরু করেছিলেন। তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মধ্যে মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে কাতারে সেমিফাইনালে পৌঁছায়। সেই সাফল্যে উজ্জীবিত হয়ে লাল-সবুজ জার্সিধারীরা প্রথম আরব দেশ হিসেবে শক্তিশালী ব্রাজিলকে হারানোর গৌরব অর্জন করে, পরবর্তী বছরের ২৫ মার্চ এক প্রীতি ম্যাচে তারা ২-১ গোলে জয় পায়।
রেগরাগুইয়ের দল ২০২৩ আফ্রিকান কাপ অফ নেশনস-এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এবং শেষ ষোলো থেকে বিদায় নেয়, তবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে তারা কোনো বাধার মুখে পড়েনি। মরক্কো ২০২৫ আফ্রিকান কাপ অফ নেশনস-এ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের খুব কাছে পৌঁছায়, কিন্তু নিজেদের মাটিতে ফাইনালে সেনেগালের কাছে ১-০ গোলে নাটকীয় পরাজয় বরণ করে। যদিও সেনেগাল খেলার শেষ দিকে মাঠ ছাড়ার কারণে মরক্কানদের কাছে শিরোপা হারিয়েছে, যেটি নিয়ে এখনও ক্রীড়া আদালতে দুই দলের লড়াই চলছে।
মরক্কোর বিশ্বকাপের সূচি
১৩ জুন: ব্রাজিল বনাম মরক্কো – নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম
১৯ জুন: স্কটল্যান্ড বনাম মরক্কো – বোস্টন স্টেডিয়াম
২৪ জুন: মরক্কো বনাম হাইতি – আটলান্টা স্টেডিয়াম
মরক্কোর বিশ্বকাপ ইতিহাস
কনফেডারেশন: সিএএফ
সেরা বিশ্বকাপ: সেমিফাইনাল (২০২২)
সর্বশেষ বিশ্বকাপ: কাতার ২০২২ (সেমিফাইনাল)
প্রথম বিশ্বকাপ: মেক্সিকো ১৯৭০ (গ্রুপ পর্ব)
বিশ্বকাপে অংশগ্রহণ: সাতবার (১৯৭০, ১৯৮৬, ১৯৯৪, ১৯৯৮, ২০১৮, ২০২২, ২০২৬)
টানা যোগ্যতা অর্জন: ৩ বার
বিশ্বকাপ আয়োজক: ২০৩০
সামগ্রিক বিশ্বকাপ রেকর্ড: ম্যাচ-২৩, জয়-৫, হার-৭, ড্র-১১, গোল দিয়েছে-২০, গোল খেয়েছে-২৭।
মরক্কোর প্রথম বিশ্বকাপ
মেক্সিকো ১৯৭০-এ আফ্রিকান মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে মরক্কো বিশ্বমঞ্চে তাদের যাত্রা শুরু করে। যদিও তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, কিন্তু গ্রুপ ৪-এ তারা প্রশংসনীয় লড়াই করেছিল। ৩ জুন লিওনে তাদের উদ্বোধনী ম্যাচে তারা পশ্চিম জার্মানির বিপক্ষে ড্র করার খুব কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায়। পেরুর কাছে ৩-০ গোলে বড় হারের পর, ব্লাগোজে ভিদিনিচের শিষ্যরা বুলগেরিয়ার বিপক্ষে ১-১ ড্র করে মাথা উঁচু করে দেশে ফিরতে পেরেছিল, যেখানে ৬১ মিনিটে মাউহুব গজওয়ানি সমতাসূচক গোলটি করেন।
মরক্কোর শেষ বিশ্বকাপ
কাতার ২০২২ মরক্কোর সমর্থকদের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। তাদের দলের অভাবনীয় যাত্রা তাদের এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে আগে কোনো আফ্রিকান দল পৌঁছাতে পারেনি: ফিফার সবচেয়ে বড় টুর্নামেন্টের শেষ চার। সেমিফাইনালে দিদিয়ের দেশমের ফ্রান্সের কাছে ২-০ গোলে হারার আগে, উত্তর আফ্রিকান দলটি শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে প্রচুর প্রশংসা কুড়িয়েছিল।
গ্রুপ এফ-এ থাকা রেগরাগুইয়ের দল ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়াকে গোলশূন্য ড্রয়ে রুখে দিতে সক্ষম হয়। এরপর তারা রাশিয়া বিশ্বকাপের ব্রোঞ্জ জয়ী বেলজিয়ামকে ২-০ গোলে হারায়। পরে কানাডার বিপক্ষে ২-১ জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করে। নকআউট পর্বে তারা দুই হেভিওয়েটকে কুপোকাত করে: প্রথমে ১২০ মিনিটের লড়াইয়ের পর পেনাল্টিতে স্পেনকে হারায় এবং এরপর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে চমকে দেয়।
মরক্কোর বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা
বিশ্বমঞ্চে উত্তর আফ্রিকানদের শীর্ষ গোলদাতা হলেন ইউসেফ এন-নেসারি। তার তিনটি গোলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা সেই ঐতিহাসিক হেডারটি, যেখানে তিনি ২.৭৮ মিটার উচ্চতায় লাফিয়ে ১-০ গোলের জয় নিশ্চিত করেছিলেন। একই টুর্নামেন্টে এর আগে কানাডার বিপক্ষে ২-১ জয়ের ম্যাচে তিনি দলের ব্যবধান দ্বিগুণ করেছিলেন। সেই গোলের মাধ্যমে তিনি প্রথম মরক্কান হিসেবে বিশ্বকাপের দুই আসরে গোল করার রেকর্ড গড়েন। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও তিনি লক্ষ্যভেদ করেছিলেন।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়
আশরাফ হাকিমি এবং হাকিম জিয়াশ প্রত্যেকে ১০টি করে বিশ্বকাপ ম্যাচ খেলেছেন (২০১৮ সালে তিনটি এবং ২০২২ সালে সাতটি)—যা কেবল মরক্কো জাতীয় দলের জন্যই নয়, বরং সব আরব দেশগুলোর মধ্যে একটি রেকর্ড। পিএসজির ডান প্রান্তে দাপিয়ে বেড়ানো হাকিমি এখন পর্যন্ত বিশ্বকাপে জালের দেখা পাননি, অন্যদিকে জিয়াশ কাতারের মাটিতে কানাডার বিপক্ষে ম্যাচের মাত্র ৩ মিনিট ৩০ সেকেন্ডে গোল করে দলকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন। এর মাধ্যমে সাবেক চেলসি উইঙ্গার বিশ্বকাপের মঞ্চে যেকোনো আরব দলের হয়ে দ্রুততম গোল করার ইতিহাস গড়েন।
বিশ্বকাপে সবচেয়ে বড় জয়
মরক্কো তাদের সবচেয়ে বড় বিশ্বকাপ জয়টি পায় ফ্রান্সে, ১৯৯৮-এ। হেনরি মিশেলের শিষ্যরা নরওয়ের সঙ্গে ২-২ ড্র করে গ্রুপে অভিযান শুরু করেছিল, কিন্তু এরপর ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়। তবে, উত্তর আফ্রিকানরা তাদের শেষ গ্রুপ ম্যাচে সেন্ট-এতিয়েনে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দাঁতভাঙা জবাব দেয়। সালাহেদ্দিন বাসির জোড়া গোল করে দলকে জয় এনে দিলেও, নরওয়ে ব্রাজিলকে হারিয়ে দেওয়ায় মরক্কোর পরের রাউন্ডে যাওয়া হয়নি। তারা নরওয়ের চেয়ে মাত্র এক পয়েন্ট এবং গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকে সম্মানজনক তৃতীয় অবস্থানে থেকে বিদায় নেয়।
মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক- ইয়াসিন বোনু, মুনির এল কাজুই, রেদা তাগনাউতি
ডিফেন্ডার- নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেলামারি, আচরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগুয়ের্ড, চাদি রিয়াদ, রেদোয়ান হালহাল, ইসা দিয়োপ
মিডফিল্ডার- সামির এল মরাবেত, আয়্যুব বোউআদি, নীল এল আয়নাউই, সোফিয়ান আম্রাবাত, আজজেদিন উনাহি, বিলাল এল খান্নুস, ইসমাইল সাইবারি
ফরোয়ার্ড- আবদে এজালজুলি, শেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়্যুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, গেসিম ইয়াসিন, আয়ুব আমাইমুনি


