ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ অধিবেশন শুরু হয়। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতির এই আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হয়। মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।
এদিকে, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন বলে জানান তিনি। রোববার (৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ অধিবেশনে স্পিকারের ঘোষিত এই সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক। তালিকায় তৃতীয় সদস্য হিসেবে নাম রয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে তালিকার চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। গভীর দুঃখের সঙ্গে সংসদকে জানানো হয় যে, এরইমধ্যে দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী মৃত্যুবরণ করেছেন। সংসদীয় রীতি মেনে প্রয়াত এই সাবেক সরকারের নীতিনির্ধারক ও জননেতাদের স্মরণে শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং এর ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। যা শেষ হয় গত ৩০ এপ্রিল।



