আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩’

0
3

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে মালয়ালম সিনেমা ‘দৃশ্যম ৩’। এতে অভিনয় করেছেন মোহনলাল। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তিটি ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর থেকেই সিনেমাটি মালয়ালম সিনেমার ইতিহাসে চলতি বছরের অন্যতম সেরা ব্লকবাস্টার হিসেবে বক্স অফিসে ঝড় তুলেছে। বিশ্বব্যাপী ইতোমধ্যে ২৩৬.৫৯ কোটি রুপির ব্যবসা করেছে সাইকোলোজিক্যাল থ্রিলার এ সিনেমাটি। পরিচালক জিথু জোসেফ জানিয়েছেন ‘দৃশ্যম ৩’-এর মাধ্যমে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ইতি ঘটতে যাচ্ছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমাটি এবার পড়েছে আইনি জটিলতায়। সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায় এমন আইনি জটিলতায় পড়ে যাওয়াতে সিনেমাটির জয়রথে যেন বাঁধা এসে পড়লো। জানা গেছে, অনুমতি ছাড়া সিনেমায় নিজের আসল গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করার অভিযোগ তুলেছেন কেরালার এক এলাচ চাষি। শুধু তাই নয়, সিনেমা থেকে সেই দৃশ্যটি বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

ভারতের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেরালার ইদুক্কি জেলার কুঞ্চিথানির বাসিন্দা আরডি রাজীব অভিযোগটি দায়ের করেছেন। তাঁর দাবি, সিনেমায় মোহনলাল অভিনীত জনপ্রিয় চরিত্র ‘জর্জকুট্টি’ যে গাড়িটি ব্যবহার করেন সেটির নম্বর প্লেটে ‘KL 69 D 2772’ লেখা রয়েছে। নম্বরটি হুবহু তার নিজের গাড়ির নম্বরের সঙ্গে মিলে গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজীব মুন্নারের ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের নথিতে সিনেমার প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর, পরিচালক জিথু জোসেফ এবং অভিনেতা মোহনলালকে বিবাদী করা হয়েছে।

অভিযোগকারী রাজীব জানান, সিনেমায় নম্বর প্লেটে ব্যবহারের ঘটনার পর থেকে তিনি চরম হয়রানির মুখোমুখি হচ্ছেন। আশেপাশের মানুষ তাকে নিয়ে ঠাট্টা-তামাশা করছেন। অনেকে মজার ছলে তাকে ‘দৃশ্যম রাজীব’ বলে ডাকছেন।

তিনি আরও অভিযোগ করেন, সিনেমায় জর্জকুট্টির চরিত্রের মতো তিনিও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত— চারদিকে এমন গুজব ছড়িয়ে পড়ছে। এর প্রেক্ষিতে ভুক্তভোগী সিনেমা থেকে তাঁর গাড়ির নম্বর সংবলিত দৃশ্যটি অবিলম্বে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন। যতক্ষণ না দৃশ্যটি সরিয়ে ফেলা হচ্ছে, ততক্ষণ সিনেমার প্রদর্শন বন্ধ রাখার দাবিও জানিয়েছেন ওই কৃষক।

মালয়ালম সংস্করণের পর আগামী ২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘দৃশ্যম ৩’-এর হিন্দি সংস্করণ। তবে নির্মাতারা নিশ্চিত করেছেন, হিন্দি গল্পটি মালয়ালম সংস্করণের চেয়ে আলাদা হবে। অজয় দেবগন অভিনীত ‘বিজয় সালগাঁওকর’ চরিত্রের হিন্দি ফ্র্যাঞ্চাইজিতে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here