লঙ্কা প্রিমিয়ার লিগে এবারের আসরে দল পেয়েছেন সাকিব আল হাসানসহ বাংলাদেশের ৫ ক্রিকেটার। তাদের প্রত্যেককেই এনওসি দিয়েছে বিসিবি। এদিকে প্রায় একই সময়ে হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজে একাধিক তারকা ক্রিকেটারকে পাবে না বাংলাদেশ টি-টোয়েন্টি দল।
জাতীয় দলে এখন না থাকলেও বোর্ডের কাছ থেকে এলপিএলের এনওসি নিয়েছেন সাকিব আল হাসান। তার মতোই ডিরেক্ট সাইনিংয়ে দল পান তাসকিন আহমেদ ও লিটন দাস। তারা দুজনও এনওসি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে হবে না লিটন ও তাসকিনকে। ঐ সিরিজে দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে, জানিয়েছে ক্রিকবাজ।
এদিকে ড্রাফট থেকে দল পাওয়া মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও এনওসি পেয়েছেন এলপিএলের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস ক্রিকবাজকে বলেন, ‘লিটন ও তাসকিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না। তাদের এলপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসানকেও এলপিএলে অংশ নেওয়ার জন্য এনওসি দেওয়া হয়েছে।’
এলপিএলের এবারের আসরে সাকিব ও তাসকিন খেলবেন একই দলে- জাফনা কিংসে। লিটন দাসকে নিয়েছে গোল গ্যালান্টস, একই দলের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজও। আর হাসান মাহমুদকে কিনেছে কলম্বো ক্যাপস।
আগামী ১৭ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর। যার ফাইনাল হবে ৮ আগস্ট। এদিকে চলতি মাসে জিম্বাবুয়েতে গিয়ে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট। ওয়ানডে সিরিজ শেষ হবে ১১ জুলাই। টি-টোয়েন্টি সিরিজ চলবে ১৯ জুলাই পর্যন্ত।





