পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

0
3

পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে দেশের টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহে সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

রোববার (২১ জুন) সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সংকটের কারণ সরকারের কাছে স্পষ্ট হওয়ায় এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই।

তিনি জানান, পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে ২০২৪ সালের টিকাদান কর্মসূচির একটি পূর্ণাঙ্গ রাউন্ড বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সময়মতো ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে এবং যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।

ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, অপারেশনাল প্ল্যান (ওপি) পদ্ধতি বাদ দিয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্তের ফলে স্বাভাবিক অর্থপ্রবাহ ব্যাহত হয় এবং প্রয়োজনীয় পণ্য সংগ্রহে দীর্ঘসূত্রতা তৈরি হয়। দ্রুত অনুমোদনের আশায় ওপি পদ্ধতি বাতিল করা হলেও বাস্তবে অনেক ডিপিপির প্রস্তুতি, কারিগরি অনুমোদন ও প্রকল্প কার্যালয় গঠন দীর্ঘ সময় ধরে সম্পন্ন হয়নি। ফলে পুরোনো অর্থায়ন বন্ধ হয়ে গেলেও নতুন অর্থায়ন চালু হয়নি।

এর প্রভাব পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন পণ্যের সরবরাহে পড়েছে, যার ভোগান্তি এখনো দেশের মানুষকে বহন করতে হচ্ছে বলে জানান তিনি।

সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তরে যাচ্ছেন। সেখানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের বিষয়ে আলোচনা করা হবে, যাতে দ্রুত ঘাটতি পূরণ করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here