রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে যৌথ অভিযানে বিপুলপরিমাণ সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে এসব সোনা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ। তিনি জানান, বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
উদ্ধার হওয়া সোনার উৎস, কার্গো হোলে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানা গেছে।





