ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

0
2

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি নিয়ে আলোচনা হুমকি-ধমকির পরিবেশে শুরু হবে না। তিনি জানান, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করা হবে না। খবর আলজাজিরার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, “লাখো গর্বিত ইরানি শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিচ্ছেন। তারা কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী কোনো হুমকিতে ভীত নয়।” একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, “নিজেদের স্বাক্ষরের প্রতি সম্মান দেখান।”

আরাগচির এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো কাজ শেষ করব।”

তিনি আরও দাবি করেন, “আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারি। তাদের এখন কোনো অর্থ নেই, আমরাও তাদের কোনো অর্থ দিইনি।”

দুই দেশের পাল্টাপাল্টি এই বক্তব্যে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক এবং সম্ভাব্য কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here