আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মান অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) থেকে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সিনেমাটি। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।
প্রথম ধাপে সিনেমাটি প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও নারায়ণগঞ্জ, উভয় শাখায় প্রতিদিন দুটি করে প্রদর্শনী থাকবে। শোগুলোর সময় দুপুর ২টা ও সন্ধ্যা সাড়ে ৭টা।
দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নজির গড়েছে ‘মাস্তুল’। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়ার পাশাপাশি সিনেমাটি অর্জন করেছে মর্যাদাপূর্ণ ‘স্পেশাল মেনশন’ সম্মাননা। এই অর্জন বাংলাদেশের স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
‘মাস্তুল’-এর গল্প গড়ে উঠেছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারকে কেন্দ্র করে। ট্যাংকারটির বৃদ্ধ পাচক মকবুল এবং নদীবন্দর এলাকার পথশিশু নূরার জীবনের মধ্য দিয়ে উঠে এসেছে নদীকেন্দ্রিক মানুষের সংগ্রাম, নিঃসঙ্গতা, সম্পর্কের টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং বেঁচে থাকার কঠিন বাস্তবতা।
চলচ্চিত্রে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত সহ আরও অনেকে।



