পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ দল। শুরুতে একমাত্র টেস্ট হার, এরপর ওয়ানডে সিরিজেও ভরাডুবি। চারদিকে সমালোচনার মধ্যেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও হেরে বসেছিল টাইগাররা। অবশ্য পরের দুই টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচিয়েছে টাইগাররা।
জিম্বাবুয়েতে ব্যর্থ মিশন শেষে আজ সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে টাইগাররা। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জানিয়েছেন জিম্বাবুয়েতে ব্যর্থ হওয়ার কারণ।
কন্ডিশনের কথা জানিয়ে আশরাফুল বলছিলেন, ‘ওখানে প্র্যাকটিস ম্যাচ ছিলো না। জিম্বাবুয়ের পিচের বাউন্স সামলানো কঠিন হয়ে গেছে। তবে এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে।’
এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সিরিজে ভালো করবে দল প্রত্যাশা আশরাফুলের, ‘অস্ট্রেলিয়ায় আমরা প্রায় ১০ দিন আগে যাচ্ছি। ওখানে ৩ দিনের প্র্যাকটিস ম্যাচ আছে। আশাকরি খেলোয়াড়রা ভালো করবে।’
আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে এটি।





