সুর বদলাচ্ছেন তারকারা

0
1

ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে অবস্থান কিছুটা বদলেছেন বলিউড তারকারা। ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে বলিউড বাদশা শাহরুখ খান সমর্থন জানিয়েছেন বলে সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং স্ক্রিনশটটি ভুয়া। শাহরুখ খান তার কোনো ভেরিফায়েড সামাজিক মাধ্যমে এ ধরনের কোনো বার্তা দেননি।

ভাইরাল হওয়া ভুয়া স্ক্রিনশটটিতে দাবি করা হয়, শাহরুখ খান আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে লিখেছেন—তারা বই, কলম ও গলার আওয়াজে আসল শক্তি দেখিয়েছে এবং এই লড়াই শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয়, বরং একটি স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থার জন্য। তিনি মানসিকভাবে শিক্ষার্থীদের পাশে আছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়। সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন শাহরুখ খান হয়তো চলমান ইস্যুতে নীরবতা ভেঙেছেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, শাহরুখ খানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) কিংবা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ ধরনের কোনো পোস্ট করা হয়নি। মূলত তার নামে পরিচালিত একটি অনুরাগী অ্যাকাউন্ট (ফ্যান পেজ) থেকে আন্দোলন সম্পর্কিত বিষয় শেয়ার করা হচ্ছিল, যা থেকে এই বিভ্রান্তির সৃষ্টি হয়। বাস্তবতা হলো, দিল্লির এই আন্দোলন নিয়ে শাহরুখ খান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো ধরনের মন্তব্য করেননি।

এদিকে অবস্থান বদলেছে সালমান খানেরও। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে এবার আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন এই অভিনেতা। একই সঙ্গে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন তিনি।

সদ্য সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের নিজেদের বাড়িতে ফিরে গিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকার অনুরোধ জানান সালমান।

এর আগে বুধবার রাতে সামাজিক মাধ্যমে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন এই অভিনেতা। সেখানে তিনি প্রশ্নফাঁসকে শিক্ষাব্যবস্থার জন্য গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে এর কৃতিত্ব শিক্ষার্থীদেরই দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সালমান আরও বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে যে প্রতিবাদ করছে, তা প্রশংসনীয়। নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে তাদের একতাবদ্ধ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখেন তিনি।

তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করেছেন সালমান। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতিও জানিয়েছেন তিনি। তার ভাষ্য, প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার একটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

সালমানের আগে বলিউডের আরও কয়েকজন তারকা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। তাদের মধ্যে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের নাম উল্লেখ করা হয়েছে। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here