ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা- ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উপর একটি গার্মেন্টস কোম্পানির কর্মীরা অতর্কিত হামলা করেছে বলে অভিযোগ জানানো হয়েছে।
রোববার (২ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ডিএনসিসির আওতাধীন অঞ্চল ৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএস এ পরিচ্ছন্ন কর্মীদের উপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিক পক্ষের হামলার ঘটনা পরিদর্শনের সময় এই অতর্কিত আক্রমণের ঘটনা ঘটে।
তিনি বলেন, আজ পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলার ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করেন।
এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিএনসিসি প্রশাসক ও এমপি মহোদয়ের সামনে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলায় কয়েকজন আহত হন এবং পুলিশ মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করে নিয়ে যান। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে।
এদিকে, আহত পরিচ্ছন্ন কর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রশাসক ও এমপি দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জাকির হোসেন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এসটিএস এ কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের উপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের লোকজন হামলা করে। হামলায় চারজন গুরুতর আহত সহ ১৫/২০ জন পরিচ্ছন্ন কর্মী আহত হয়। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।




