মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নতুন ছবি প্রকাশ্যে এসেছে। তাকে আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশনের (আইএফআরসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা গেছে। গত আড়াই বছরের মধ্যে এই প্রথম তিনি বাইরের কোনো প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের ছবিতে তাকে শারীরিকভাবে সুস্থ দেখা গেছে। সোমবার (৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২১ সালে মিয়ানমারের সামরিক জান্তা তাকে ক্ষমতাচ্যুত করে। এর পরপরই তাকে আটক করা হয়। সে সময় ব্যাপকভাবে সাজানো অভিযোগের ভিত্তিতে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে পরবর্তীতে তার সাজা কমানো হয়েছে। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ বারবার দাবি করে আসছে, অং সান সু চি জীবিত ও সুস্থ আছেন। তবে তারা এর পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করেনি। তার ছেলে কিম আরিস সাম্প্রতিক মাসগুলোতে সুচির জীবিত ও সুস্থ থাকার প্রমাণ প্রকাশের দাবিতে একটি আন্তর্জাতিক প্রচারণা শুরু করেছেন।
আইএফআরসির প্রতিনিধি দলের সঙ্গে এ সাক্ষাতের মাধ্যমে চার বছরের মধ্যে প্রথমবারের মতো তিনি সরকারের বাইরের কারও সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের ছবিতে তাকে স্বচ্ছন্দ ও সুস্থ দেখাচ্ছে। তবে তার স্বাস্থ্যের অবস্থা কিংবা তাদের মধ্যে কী কথা হয়েছে, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
দেশটিতে চলতি বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের পর অভ্যুত্থান নেতা মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন এবং সামরিক বাহিনীর আধিপত্যে থাকা মিয়ানমার সরকার প্রতিবেশী দেশগুলোতে ধারাবাহিক সরকারি সফরের মাধ্যমে কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
সূত্র: বিবিসি।





