অনুমতি ছাড়া নিজের নাম, ছবি, কণ্ঠস্বর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা যেকোনো কনটেন্টের অপব্যবহার বন্ধে বড় আইনি জয় পেয়েছেন বলিউড অভিনেত্রী টাবু।
মূলত, অভিনেত্রীর ব্যক্তিত্ব ও প্রচার স্বত্ব সুরক্ষায় এক অন্তর্বর্তীকালীন নির্দেশনায় গুগল, মেটা ও এক্সের মতো প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এই নিষেধাজ্ঞা জারি করেছেন দিল্লি হাইকোর্ট।
বিচারপতি জ্যোতি সিংয়ের একক বেঞ্চ এই রায় দেন। আদালতের নির্দেশনায় গুগল, মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রাম), এক্স (সাবেক টুইটার) এবং রেডিটের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে টাবুর নাম ও ছবি সংবলিত ১৫০টিরও বেশি অননুমোদিত ও বিভ্রান্তিকর লিংক (ইউআরএল) দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই আদেশের ফলে টাবুর প্রকৃত নাম ‘তাবাসসুম ফাতিমা হাশমি’, তার মঞ্চ নাম ‘টাবু’, স্থিরচিত্র, সিনেমার দৃশ্য, কণ্ঠস্বর, স্বাক্ষর থেকে শুরু করে এআই প্রযুক্তি বা ডিপফেকের মাধ্যমে তৈরি যেকোনো বিকৃত কনটেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
এ ছাড়া তার অনুমতি ছাড়া ছবি বা নাম ব্যবহার করে বিভিন্ন পণ্য বা মার্চেন্ডাইজ বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে টাবুর বিভিন্ন সিনেমার অংশ বা সাক্ষাৎকার এআই দিয়ে সম্পাদনা করে অশালীন ও বিকৃত কনটেন্ট তৈরি করার অভিযোগ ওঠে। এমনকি তার নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির ভুয়া বুকিং দেওয়া এবং তার নামে মিথ্যা বক্তব্য ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। বিষয়টি তার দীর্ঘদিনের তৈরি করা ভাবমূর্তি ও ব্যক্তিগত জীবনের মর্যাদা ক্ষুণ্ন করছে উল্লেখ করে অভিনেত্রী আদালতে আবেদন জানান।





