যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

0
10

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) টেক্সাসের সালাডোতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বেল কাউন্টি শেরিফের কার্যালয়।

শেরিফের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, দুপুর দেড়টার দিকে ৯১১ নম্বরে ফোন পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দুই সেনাকে মৃত ঘোষণা করেন। সালাডো অস্টিন থেকে প্রায় ৫০ মাইল উত্তরে অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি ফোর্ট হুডে মোতায়েন ছিল। নিহত সেনাদের মরদেহ ফোর্ট হুডের কার্ল আর. ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারকে অবহিত করার ২৪ ঘণ্টার আগে নিহত সেনাদের নাম প্রকাশ করা হবে না।

টেক্সাসের ১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন এক বিবৃতিতে বলেন, “এই কঠিন সময়ে সংশ্লিষ্টদের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।”

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট নিহত সেনাদের পরিবার এবং ফোর্ট হুড সম্প্রদায়ের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছেন। তিনি লেখেন, “যারা আমাদের রাজ্য ও জাতির সেবা করেন, টেক্সাস তাদের কাছে চিরঋণী থাকবে।”

কোলম্যান জানান, দুর্ঘটনায় কোনো স্থাপনার ক্ষতি হয়নি। এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হেলিকপ্টারটি একটি মাঠে বিধ্বস্ত হয়েছে এবং ঘটনাস্থল দেখেই বোঝা যাচ্ছিল যে এটি একটি ভয়াবহ দুর্ঘটনা ছিল।

তিনি বলেন, দুর্ঘটনার ফলে একটি বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অগ্নিকাণ্ডে বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে এবং এলাকা থেকে কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

কোলম্যান জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন ১৫৫ একর এলাকায় ছড়িয়ে পড়েছিল এবং এর ৮৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

স্থানীয় জরুরি সেবাকর্মী, সামরিক কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সাড়া দিয়েছেন। ফোর্ট হুডের অপরাধ তদন্ত বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে বলেছে, এএইচ-৬৪ অ্যাপাচি হলো দুই ইঞ্জিন ও চার ব্লেডের একটি বহুমুখী আক্রমণকারী হেলিকপ্টার। এটি অত্যন্ত স্থিতিশীল একটি আকাশযুদ্ধের অস্ত্র প্ল্যাটফর্ম হিসেবে ডিজাইন করা হয়েছে। বাহিনী এটিকে ‘বিশ্বের সবচেয়ে উন্নত আকাশযুদ্ধযান’ হিসেবে অভিহিত করেছে।

সূত্র : এনবিসি নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here