দুর্নীতি দমন কমিশন (দুদক) বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা (ডিআইজি) মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে। ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে তাকে এ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩ মে) সকাল ৯টায় দুদক কার্যালয়ে উপস্থিত হন ডিআইজি মিজান। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, গণমাধ্যমে সংবাদ এসেছে যে, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ পাওয়ায় দুদক কার্যালয়ে তলব করা হয়েছে।
তিনি বলেন, মিজানুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে তার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য চেয়ে গত ২৫ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডসহ ছয়টি সংস্থায় চিঠি দেয় দুদক। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারীর স্বাক্ষরে বিভিন্ন সংস্থায় তথ্য চেয়ে চিঠি দেয়া হয়। ওই চিঠি অনুযায়ী ডিআইজি মিজানকে আজ ৩ মে হাজিরা দিতে বলা হয়েছিল।
প্রসঙ্গত, অস্ত্রের মুখে তুলে নিয়ে এক নারীকে বিয়ে করার অভিযোগে গত ৯ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের (ডিআইজি) পদ থেকে মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তিনি পুলিশ সদর দফতরে সংযুক্ত রয়েছেন।