কে. এম. রুবেল, ফরিদপুর :স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, আইনি লড়াই ছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দ্বিতীয় কোনও পথ খোলা নেই।
শুক্রবার বিকেলে ফরিদপুর কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আ’লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন ‘খালেদা জিয়ার জেলে যাওয়ার পেছনে সরকারের কোনো হাত নেই। এতিমের টাকা আত্মসাৎ করার জন্য খালেদা জিয়া জেলে আছেন। এটার বিচার করেছে আদালত। কিন্তু বিএনপি সরকারের প্রতি দায় চাপাচ্ছে। এই মামলাও আওয়ামী লীগ সরকার করেনি। তত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন এই মামলা দায়ের করেছে।’
তিনি বলেন, তারা এখন আন্দোলন-আন্দোলন করছে। আন্দোলনে কেউ সাড়া দেবে না। আন্দোলনে সাড়া দেওয়ার সময়ও নেই। সময় অনেক পেরিয়ে গেছে। জনগণ এখন নির্বাচনের মুডে আছে, আর তারা ডাক দিচ্ছে আন্দোলনের।
তিনি বলেন, ‘বিএনপি’র সময়ও অনেক উন্নয়ন কর্মসূচি হয়েছে।
তবে সেই উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়নই হয়েছে বেশি। ১০ বছরেরও বেশি সময় মতায় থেকেও তিনি দেশের জন্য তেমন কিছুই করতে পারেননি। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন।’
কানাইপুর ইউনিয়ন চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেনের সভপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সোবাহান,ে কাতোয়ালী আ’লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।
এর আগে মন্ত্রী ইঞ্জিনিয়ার সোবাহান ফাউন্ডেশন কর্তৃক নির্মিত কানাইপুর উচ্চ বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ভবন উদ্বোধন করেন।