গাজীপুরে মাদকে বাধা দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছে ইসমাইল (৩৫) নামে এক যুবক। ঐ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (৪ মে) রাতে শ্রীপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ইসমাইল কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নয়মুদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইল (৩৫) মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি তাঁর পরিবারের সদস্যরা তাকে মাদক নেয়ায় বাধা দেয়। পরিবার থেকেও শাসন করা হয়। প্রতিদিনের মত গত রাতে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। সকালে তাঁর কোন সাড়া শব্দ না পেয়ে তাকে খোঁজাখুজি করা হয়। পরে পাশের একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান যুবকের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পরে পুলিশে খবর দিলে তারা যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।