নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ার জোড়মল্লিকা এলাকা থেকে রাসেল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জোড়মল্লিকা ব্রীজের পাশের একটি জমি থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও রাসেলের পরিবার সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার জোড়মল্লিকা গ্রামের উবেদ আলীর ছেলে রাসেল বাড়ি থেকে মঙ্গলবার বিকালে বের হয়ে যায়। পরে বন্ধুদের সাথে বিকালে গ্রামের মাঠে ফুটবল খেলে রাতে এক সাথে বিশ্বকাপ খেলা দেখে। এরপর আর রাতে বাড়ি ফেরেনি।
রাসেলে বাবা জানায়, সে রাতে রাসেলের ফোনে কয়েকবার ফোন দিলেও অন্য কেউ রিসিভ করলেও কথা বলেনি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি ব্রীজের পাশের একটা জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে জানায়। পরে লোকজন গিয়ে রাসেলের মরদেহ সনাক্ত করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ও মরদেহের ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।