চলচ্চিত্র থেকে বাদ পড়েছিলেন তাপসী পান্নু

0
2

সবকিছুই ঠিকঠাক ছিল। সিনেমার গল্প চূড়ান্ত, কথাবার্তা শেষে শুটিংয়ের জন্য নিজের শিডিউলও দিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করেই বদলে গেল পুরো দৃশ্যপট। জানানো হলো, সিনেমাটিতে তাকে আর রাখা হচ্ছে না! অভিনয় বা সময়সূচি নিয়ে কোনো সমস্যা ছিল না, বাদ পড়ার পেছনে যে অদ্ভূত কারণটি শোনানো হলো, তা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল, ‘ছবিটির মূল নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না!’

রূপালি পর্দার জগতে এমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের এই অপ্রীতিকর ঘটনা প্রকাশ্যে আনলেন এই তারকা। এ নিয়ে তাপসী বলেন, ‘একবার আমাকে সরাসরি জানানো হয়েছিল, নায়কের স্ত্রী আমাকে পছন্দ করেন না।’

অন্য একটি চলচ্চিত্রের অভিজ্ঞতা জানিয়ে তাপসী বলেন, ‘ছবিটির মূল অভিনেতা নিজেই আমাকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ তার আগেই আমার সঙ্গে কথা চূড়ান্ত হয়েছিল এবং আমি কাজের তারিখও দিয়ে দিয়েছিলাম।’

অভিনেত্রী জানান, কেন তাকে নেওয়া হয়নি, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। হয়তো ওই অভিনেতার মনে কোনো নিরাপত্তাহীনতা ছিল বা তিনি তার পরিচিত কাউকে নিতে চেয়েছিলেন।

বলিউডের স্বজনপ্রীতি ও নির্দিষ্ট ছকে বাঁধাধরা কাজের সমালোচনা করে তাপসী আরও বলেন, ‘বলিউডে অনেক সময় শিল্পীদের জন্য একটা নির্দিষ্ট ছক তৈরি করে দেওয়া হয়। গ্ল্যামারাস চরিত্র বা সামাজিক বিষয়ের ছবির জন্য আলাদা আলাদা তালিকা ভাবা হয়। আমি এই চেনা ছকের অংশ হতে চাই না। তাই গল্প বা চরিত্রে নতুনত্ব না থাকলে কাজ ফিরিয়ে দিতে পিছপা হই না।’

উল্লেখ্য, ‘থাপ্পড়’, ‘পিঙ্ক’, ‘হাসীন দিলরুবা’র মতো ব্যবসাসফল ও প্রশংসিত চলচ্চিত্রে ভিন্নধর্মী অভিনয় করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তাপসী পান্নু। পর্দায় বৈচিত্র্যময় চরিত্র বাছাইয়ে অনড় থাকলেও পর্দার পেছনের এসব অভিজ্ঞতা তার পথচলাকে বেশ অস্বস্তিকর করে তুলেছিল বলে জানান এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here