কোটা সংস্কার আন্দোলনে নির্যাতিত এক ছাত্রের বাবা নজরুল ইসলাম তালুকদার সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ।
মঙ্গলবার (৩ জুৃলাই ) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অভিভাবক সমাবেশ পুলিশ পন্ড করে দেওয়ার পরে সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এ দাবি জানান।
এ সময় তিনি বলেন, সব ছাত্র আমার সন্তান। সব অভিভাবকদের পক্ষে আমি আমার সন্তানদের নিরাপদে পড়াশুনার পরিবেশ দেওয়ার দাবি জানাচ্ছি। আমার সন্তানদের লেখাপড়ার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। আমি সরকারের কাছে এই দাবি জানাই।
সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশে এসেছিলেন তিনি। মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব ঘোষিত সমাবেশটিতে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দেয়। সমাবেশ না হওয়ায় সরকারের উদ্দেশে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন নজরুল ইসলাম তালুকদার নামের ওই অভিভাবক।
তিনি পত্রিকায় প্রকাশিত একটি ছবি দেখিয়ে বলেন, আমার ছেলের নাম তালুকদার নাঈম ইসলাম। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে। মেয়ে কান্তা ইসলাম ইডেনে তৃতীয় বর্ষের ছাত্র। তাদের দুজনকেই মারধর করা হয়েছে। সারাদেশে আমার সন্তানের মতো সাধারণ ছাত্রদের ওপর নির্মমভাবে হামলা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। ছাত্রদের নৈতিক দাবির আন্দোলনে অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। এ অন্যায়ের বিচার চাই। আটক ছাত্রদের মুক্তি দেওয়া হোক। আহত ছাত্রদের সরকার নিজ উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করুক।