তরুণদের পরিবেশ বিষয়ে কাজ করার দক্ষতা বৃদ্ধির জন্য ‘ইয়ুথ এনভাইরনমেন্টাল এক্টিভিস্ট লিডারশ ট্রেনিং’ নামক প্রশিক্ষক কার্যক্রমের আয়োজন করেছে গ্রীণ ফোর্স-পবা।
১ম ব্যাচে প্রায় ৫০ জন পরিবেশ সচেতন তরুণ এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।দেশের তরুণদের মধ্যে পরিবেশ বিষয়ক নেতৃত্ব তৈরিতে এই কোর্সটি সহায়তা করবে এবং চলতি বছরে ক্রমান্বয়ে ২০০ জন তরুণ এই প্রশিক্ষণ সুবিধা পাবে বলে জানিয়েছেন আয়োজকরা।
শুক্রবার রাজধানীর কলাবাগনের পবা কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ বিষয়ক কর্মী ও অভিজ্ঞ বক্তাদের নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে,সেখানে দিনব্যাপী ৫ টি অধিবেশনের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণটির উদ্বোধন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য স্থপতি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। কোর্সটি পরিচালনা করছেন পবার সমন্বয়ক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
প্রশিক্ষণ কার্যক্রমে আলোচকরা বলেন, সময়ের সাথে সাথে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ। সেই সাথে আসছে নানাবিদ পরিবেশগত চ্যালেঞ্জ আর দেশের বর্তমান মোট জনগোষ্ঠীর প্রায় ৪৯ শতাংশ তরুণ যাদের বয়স ১০ থেকে ২৪ বছর। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজের সচেতনতা ও ভূমিকা খুবই গুরত্বপূর্ণ। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) দীর্ঘদিন ধরে তরুণদের নিয়ে ‘গ্রীণ ফোর্স’ গঠন করে তাদের একত্রিত করে কাজ করছে।আমরা বিশ্বাস করি তরুণদের যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া ও পারদর্শী করা যায় তাহলে তাদেরকে দেশের সম্পদ হিসেবে কাজে লাগানো যাবে।
বক্তারা আরো বলেন, তরুণ প্রজম্মকে নেতৃত্বে নিয়ে আসতে হবে, তরুণ সমাজ ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দিয়েছে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বও।তাদের নেতৃত্বে আমরা গণতন্ত্র পেয়েছি।তাদের মাঝে কার্যকর নেতৃত্বের চর্চার ধারা তৈরি এবং তাদের মধ্যেকার সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করা প্রয়োজন।যাতে করে তারা দেশের বিরজমান নানাবিধ সমস্যা ও পরিবেশগত সমস্যাগুলোর দীর্ঘমেয়াদি সমাধানে কাজ করতে পারে।এই প্রশিক্ষণ পাওয়া তরুণ নেতারা নিয়মিতভাবে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে কাজ করবেন, সেই সঙ্গে পরিবেশ আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এনভারমেন্টাল সাইন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান মজুমদার,পবার সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান, সম্পাদক এম এ ওয়াহিদ রাসেল প্রমুখ।