দলবদলের বাজারে জুভেন্টাস রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে বড় চমক দেখিয়েছে। সব দলই খেলোয়াড় কেনায় মাঠে নেমে পড়েছে। বসে নেই বার্সেলোনাও। কাতালান ক্লাবটিও একে একে দলে ভিড়িয়েছে আর্থার মেলো, ম্যালকম ও ল্যাংলেটকে। কিন্তু দল শক্তিশালি করতে আরও ফুটবলার খুঁজছে বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছেন, পিএসজি থেকে আদ্রিয়ান রাবিওতকে উড়িয়ে আনতে না পারলে আরতুরো ভিদালকে কিনে দলের শক্তি বাড়াবে বার্সেলোনা। এ ব্যাপারে নাকি চিলির মিডফিল্ডারের সঙ্গে মৌখিক কথা পাকা হয়ে গেছে।
ফরাসি মিডফিল্ডার রাবিওতকে ছাড়তে চায় না পিএসজি। তবে বার্সাও সে জন্য অপেক্ষা করবে না। তারা হাত বাড়িয়েছে ভিদালের দিকে। ম্যালকমকে কেনার সময় বার্সা যে পথে হেঁটেছিল, ভিদালকে কেনার ব্যাপারেও একই পথে হাঁটছে তাঁরা। চেলসির উইলিয়ানের পিছে ঘুরে শেষ পর্যন্ত তাঁরা কিনেছে ম্যালকমকে। একইভাবে রাবিওতের জন্য হন্যে হয়ে তাঁর বিকল্প হিসেবে বার্সা বেছে নিয়েছে ৩১ বছর বয়সী ভিদালকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম অবশ্য এর মাঝেই জানিয়েছে, ভিদালকে ২৭ মিলিয়ন পাউন্ড খরচায় কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছে বার্সা। একই কথা জানিয়েছে, স্প্যানিশ সংবাদমাধ্যমও। সবকিছু ঠিক থাকলে চুক্তিটি সম্পন্ন হওয়া সময়ের ব্যাপার। প্রসঙ্গত, জুভেন্টাস ছেড়ে ২০১৫ সালে বায়ার্নে যোগ দেন ভিদাল।




