নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। শিক্ষার্থীদের নিয়ে তাসকিনের গর্ব হচ্ছে বলেও জানিয়েছেন। ফেসবুকে শুক্রবার রাতে একটি পোস্ট দেন তিনি। সেখানে তাসকিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি, ভালো আছেন সবাই, আমি এখন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ডে অবস্থান করছি । আমি আমার ইয়াং ফ্যানসদের উদ্দেশে কিছু বলতে চাই।’
এর পর তিনি লিখেছেন, ‘গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার খবরের ঘটনায় আমি অনেক মর্মাহত ছিলাম। ব্যপারটি আমার খুব খারাপ লাগে। কিন্তু যখন দেখলাম তার সহপাঠি থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি।’
‘আমি যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেছি তারা কিভাবে আমাদের কিছু ভুলভ্রান্তি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের প্রত্যেক নাগরিকের উচিত আইন মেনে চলা। আমি তোমাদের সাধুবাদ জানাই এবং আশা করি নিরাপদ সড়ক বাস্তবায়নে কর্তৃপক্ষ যথাযর্থ পদক্ষেপ গ্রহণ করবে। এর মাধ্যমে খুব দ্রুত সমাধান হবে। সুশৃঙ্খল ও সুন্দর বাংলাদেশ কামনা করি। বাংলাদেশের সকলের জন্য রইল দোয়া ও ভালোবাসা।’
তাসকিনের আগে রুবেল হোসেন, সাব্বির রহমান ও সাকিব আল হাসান এ নিয়ে পোস্ট দেন। সাকিব শিক্ষার্থীদের সাধুবাদ জানানোর পাশাপাশি তাঁদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানান। কিন্তু তাঁর এ পোস্টে নেতিবাচক মন্তব্য বেশি পড়তে থাকে। ফলে বাধ্য হয়েই সাকিব পোস্ট ডিলিট করে নতুন পোস্ট এবং ভিডিও বার্তায় অনুরোধ করেন, তাঁকে ভুল না বোঝার জন্য।




