হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার ওষধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার রাতে এসব ওষুধ সৌদি আরবের জেদ্দা থেকে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার শুল্ক গোয়েন্দা অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসা হজযাত্রী বহনকারী একটি ফ্লাইট (এসভি-৮০৮) সোমবার বিকেল পাঁচটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন, এসভি-৮০৮ নম্বর ফ্লাইটে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ ওষধ বিমানবন্দরে এসেছে। ওষুধগুলো হজযাত্রীদের লাগেজ বেল্ট থেকে স্ক্যানিং না করেই গোপনে বের করে নেয়া হবে। এমন তথ্যের ভিত্তিতে গোপনে ৮ নম্বর লাগেজ বেল্টে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা দল। এসময় হজযাত্রীরা তাদের লাগেজ সংগ্রহ করে চলে গেলেও মালিকবিহীন অবস্থায় একটি ট্রলিতে দু’টি লাগেজ পড়ে থাকতে দেখে গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। পরে রাতেই ওই লাগেজ দু’টি ব্যাগেজ বেল্ট থেকে এনে সব সংস্থার উপস্থিতে খুললে, মোট ১৬ আইটেমের আমদানি-নিয়ন্ত্রিত ও আমদানি-নিষিদ্ধ ওষধ পাওয়া যায়। পণ্যের শুল্ককর সহ জব্দ করা ওষধের মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
জব্দ করা ওষধের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।




