
গোপালগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জের রঘুনাথপুর শাখার দশম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর উদীচী কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়। এসময় কেন্দ্রীয় উদীচীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
পরে সম্মেলন স্থল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদীচী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে রঘুনাপুর গ্রামের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উদীচী গোপালগঞ্জ জেলা সংসদসহ ৫টি ইউনিটের সদস্যরা অংশ নেন।
রঘুনাথপুর উদীচীর সভাপতি নিভা রানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, রঘুনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষক সরোজ কান্তি বিশ্বাস, জনপ্রতিনিধি বিভা রানী বালা, সমাজ সেবক নিভা রানী মন্ডল, রঘুনাথপুর উদীচীর সাধারণ সম্পাদক শিপ্রা রানী বিশ্বাস, প্রতিষ্ঠাতা সভাপতি হিরণময় বিশ্বাস, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, টুঙ্গিপাড়া উদীচীর সাধারণ সম্পাদক কবিতা হক প্রমূখ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বর্তমান সভাপতি নিভা রানী বিশ্বাসকে ও বর্তমান সাধারন সম্পাদক শিপ্রা রানী বালাকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট রঘুনাথপুর শাখা গঠন করা হয়।




