সাধারণ জীবনযাপন করা আমার স্টাইল হয়ে গেছে: নিশো

0
46

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আজ দুই দশক ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন। ছোট পর্দায় অভিনয় দিয়ে শুরু, এরপর সিনেমাতেও সমান জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ ছবির সাফল্যের পর ভক্তরা এখন তাঁকে নিয়মিত বড় পর্দায় দেখতে চান। তবে পর্দার ঝলমলে নায়ককে কাছ থেকে জানলে ভক্তরা বিস্মিত হন–কারণ বাস্তব জীবনে তিনি রয়ে গেছেন একেবারেই সাধারণ।

সম্প্রতি ভিকি জাহেদের পরিচালনায় ‘আঁকা’ ওয়েব সিরিজ মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের সরল জীবনযাপনের কথা অকপটে জানিয়েছেন নিশো। এতে করে নতুন এক নিশোকে চিনলেন ভক্তরা। আকাশের তারকা ভাবা নিশোর যে এমন জীবনযাপন তা জেনে বিস্মিত তাঁর অনুরাগীরাও।

নিজের সরল জীবনযাপনের কথা জানিয়ে নিশো বলেন, ‘এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের ওপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খালবিল রয়েছে, সেখানে করি।’

তারকাদের সাধারণত আড়াল করে রাখা হয় প্রটোকল আর ভিড় এড়িয়ে চলার নিয়মে। কিন্তু নিশো এসবকে কুসংস্কার মনে করেন। একেবারে অহেতুক বিষয় মনে করেন এটা। তাঁর ভাষায়, ‘আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় ও অপচয় মনে হয়। আমি সিম্পল থাকি– এটাই আমার স্টাইল। দিনশেষে তো আমাকে মাটির নিচেই শুতে হবে। তাই চাই, যত যোগ্যতা বাড়বে, ততটা গ্রাউন্ডে থাকতে পারি। আমার ফ্যানদের আরও কাছাকাছি যেতে চাই।’

ভক্তদের সঙ্গে সহজ সম্পর্কের দিকেই নজর অভিনেতার। তিনি বিশ্বাস করেন, ভক্তদের ছবি তোলা বা কাছে আসা কোনো সমস্যা নয়; বরং পরিস্থিতি বুঝে বিনয়ের সঙ্গে না বলতে জানাটাই গুরুত্বপূর্ণ। তার কথায়, ‘যদি আমি ক্লান্ত থাকি, তবে বলব– এখন ছবি তুলতে পারছি না। তারা বুঝবেন। আমার ফ্যানদের সঙ্গে এই বোঝাপড়াটা সবসময় কাজ করে।’

‘নিজেকে আলাদা হাইপ বা ধরা-ছোঁয়ার বাইরে রাখার প্রয়োজন নেই বলেই মনে করেন এই অভিনেতা। নিশো মনে করেন, সাধারণ জীবন বজায় রাখলেই কাজগুলো অসাধারণ হয়ে ওঠে। ব্যক্তিকে অসাধারণ হয়ে উঠার কিছু নেই। অসাধারণ হতে হবে তাঁর কাজকে। ‘আমি চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি। তবে আমার কাজ যেন অসাধারণ হয়। তাহলেই হয়তো দীর্ঘদিন দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারব,’ যোগ করেন তিনি।

আফরান নিশোর এই দৃষ্টিভঙ্গি ভক্তদের কাছেও প্রশংসিত। কারণ একজন তারকা যখন নিজের চারপাশের সাধারণ মানুষ ও জীবনের ছোট ছোট আনন্দগুলোকে গুরুত্ব দেন, তখনই তিনি হয়ে ওঠেন আরও বেশি আপনজন।

এদিকে মুক্তির অপেক্ষায় থাকা নিশোর নতুন ওয়েব সিরিজ ‘আঁকা’ নিয়ে ইতোমধ্যেই দর্শকের আগ্রহ তুঙ্গে। আগামী ৪ সেপ্টেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিরিজটি, যেখানে নিশোর বিপরীতে আছেন নাবিলা। ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে সিরিজটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here