
গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আন্ত: জেলা ডাকাত দলের দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার ভোর রাতে কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দির ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অস্ত্রসহ ওই ডাকাতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতেরা হল, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের মৃত কাঞ্চন শেখের ছেলে মো: রহুল আমির শেখ (২৫) ও একই জেলার কাশিয়ানী উপজেলার মো: নুর ইসলাম মোল্যার ছেলে মো: সুমন মোল্যাকে (২৪)।
আজ সোমবার বিকালে কাশিয়ানী থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মহাসড়কে ডাকাতি করার জন্য একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরন্যকান্দিতে অভিযান চালানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ১২-১৪ জন সদস্য পালিয়ে যাবার চেষ্ঠা করলে পুলিশ ধাওয়া করে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্য মো: রহুল আমির শেখ (২৫) ও মো: সুমন মোল্যাকে (২৪) গ্রেফতার করা হয়।
এসময় ডাকাতির কাজে ব্যবহারিত দুটি রামদা, দুটি ছোড়া, একটি ছেনদা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অর্ধডজন মামলা রয়েছে। এব্যাপারে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




