আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। ইংল্যান্ডের টনটন শহরে অবস্থিত ক্রিকেট স্টেডিয়াম কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ এ। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা চ্যানেল ও গাজী টিভি। চলতি বিশ্বকাপের ১৭তম ম্যাচে বুধবার (১২ জুন) মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
বিশ্বকাপে পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বৈরথ বেশ জমজমাট। এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। পাকিস্তানের জয় ৪টি, অস্ট্রেলিয়ার ৫টি।
অ্যাডিলেডে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষবার সাক্ষাত হয়েছিল তাদের। ওই ম্যাচে অল্প পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিলেন পাকিস্তানি পেসাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সাম্প্রতিক রেকর্ড বেশ বাজে। ওয়ানডেতে শেষবার অজিদের পাকিস্তান হারিয়েছিল দুই বছর আগে মেলবোর্নে। আরব আমিরাতে বছরের শুরুতে দ্বিপক্ষীয় সিরিজে অ্যারন ফিঞ্চের দলের কাছে ৫-০ ব্যবধানে ধবলধোলাই হয় পাকিস্তান।
তবে ইংল্যান্ডকে হারানোর পর বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ‘আনপ্রেডিক্টেবল’খ্যাত দলটি। পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। আমরা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষেও খুব বেশি ম্যাচ জিতিনি। তবে ওদের হারিয়েছি। ওই জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।
অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার তাই পাকিস্তানের ম্যাচ নিয়ে সতর্ক। একাদশে পরিবর্তন আনার কথা ভাবছেন তিনি। বোলিং শক্তি বাড়াতে নাথান কোল্টার-নাইলকে বসিয়ে বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফকে আজ খেলাতে পারে অস্ট্রেলিয়া।
ল্যাঙ্গার বলেন, পাকিস্তান কিন্তু দু’জন বাঁহাতি পেসার নিয়ে খেলছে। দলের জন্য যাকে খেলানো দরকার, আমাদের তাকেই নিতে হবে।









