কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- দিল মোহাম্মদ (৪২), রাশেদুল ইসলাম (২২) ও শহিদুল ইসলাম (৪২)।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব জানান, শনিবার গভীর রাতে একদল ইয়াবাকারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী টেকনাফের হোয়াইক্যংয়ের পাহাড়ি ঢালা নামক এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে তিনিসহ র্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অস্ত্রধারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। ওই সময় দুই র্যাব সদস্য আহত হন। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে তিনজনেক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে র্যাব তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শংকর চন্দ্র দেবনাথ সবাইকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা এবং চারটি বন্দুক ও ২১টি গুলি পাওয়া গেছে।
এ অভিযানে মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ সোহেল নামে দুই র্যাব সদস্যও আহত হয়েছেন বলে শাহেদ মাহতাবের ভাষ্য।









